Beta
Logo

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মনিরের দূরপাল্লার শটে কপাল পুড়ল আবাহনীর

মনিরের দূরপাল্লার শটে কপাল পুড়ল আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৩:০০

ম্যাচের তখন ২৭ মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নিলেন ব্রাদার্স ইউনিয়নের মনির আলম। দুরূহ কোণ থেকে নেওয়া সেই শট আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা সর্বোচ্চটুকু দিয়ই চেষ্টা আটকাতে পারেননি। এই গোলই গড়ে দিয়েছে ফেডারেশন কাপে ব্রাদার্স-আবাহনী ম্যাচের ভাগ্য। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ১-০ গোলে হারাল আবাহনীকে।

অক্টোবরে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। আজ ফেডারেশন কাপেও ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী তাই ব্যর্থতার বৃত্তেই। এবারের লিগে ৫ ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছে তারা। সেই ধাক্কা কাটিয়ে উঠা হল না আজ ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

এই গোল হজমের পর আর সমতায় ফিরতে পারেনি আবাহনী। ব্রাদার্সের জমাট বাঁধা রক্ষণের কাছে সুলেমান দিয়াবাতে-আল আমিনদের আক্রমণগুলো আর আলোর মুখ দেখেনি।

 ইনজুরি সময়ে আবাহনীর ফরোয়ার্ডের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। কয়েকটি নিশ্চিত গোলও মিস করে আবাহনী।

এতে ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু করলেও ফিরতি ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ মারিফুল হকের শিষ্যদের।

ফেডারেশন কাপের এ গ্রুপের আরেক ম্যাচে পিডব্লিউডি ২-০ গোলে ফকিরেরপুলকে হারায়। টানা দুই হারে ০ পয়েন্টে পাঁচ দলের মধ্যে পাঁচে ফকিরেরপুল। আবাহনী ও পিডব্লিউডির সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বর পজিশনে পিডব্লিউডি। চার পয়েন্টে গ্রুপের শীর্ষে ব্রাদার্স। রহমতগঞ্জ এক পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

 

আরও