রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৫:০০
রশিদ খানের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপ হবে। তার আগে রশিদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাদরানকে।
সর্বশেষ ২০২৪ বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও বড় লক্ষ্য নিয়ে রশিদ খানকে অধিনায়ক করে দেশটির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও মুজিব-উর রহমানরা।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সীমিত ফরম্যাটের সিরিজের দলে ছিলেন না ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। এর আগে অবশ্য টি-টোয়েন্টি এশিয়া কাপে উভয়েই অফফর্মে ছিলেন। ফারুকি-নাইব দুজনকেই ফেরানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। এ ছাড়া সাম্প্রতিক আফগান দলে ছিলেন না মুজিব-উর রহমান ও পেসার নাভিন-উল-হক। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নাভিন। তাদেরও বিশ্বকাপের বড় মঞ্চে ডাকা হয়েছে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আবদুল্লাহ আহমদজাই, সেদিক উল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইশাক, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দারউইশ রাসুলি, ইব্রাহিম জাদরান।
ট্রাভেলিং রিজার্ভ: মোহাম্মদ গজনফার, ইজাজ আহমদজাই, জিয়াউর রহমান শরীফি।