অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল, চ্যাম্পিয়ন জার্মানি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ২২:০৭:০০
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপটা ১৭তম হয়ে শেষ করেছে বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশের সাফল্যের কারিগর ছিলেন অধিনায়ক আমিরুল ইসলাম। এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন তিনি।
বাংলাদেশের আমিরুল ছয় ম্যাচে ১৮ গোল করেন। এর মধ্যে পাঁচটি হ্যাটট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছেন। আমিরুলের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হকি তো বটেই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ এক অর্জন।
আমিরুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ২ হাজার ডলার পেয়েছেন। মাদুরাই থেকে বাংলাদেশি খেলোয়াড়রা চেন্নাই এসেছিলেন ফাইনাল দেখতে। আমিরুল অবশ্য শুধুই দর্শক না হয়ে নিয়েছেন সেরা গোলদাতার পুরস্কারটাও। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল করেছেন নিউজিল্যান্ডের জন্টি এলমেস ও দক্ষিণ কোরিয়ার লি মিন হাইক।
বুধবার হওয়া ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। চেন্নাইয়ে স্পেনকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ। ভারত জিতেছে ৪-২ গোলে।