Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ডেমিয়েন মার্টিন
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫২:০০

‘বক্সিং ডে’’তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ডেমিয়েন মার্টিন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই তারকাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর ধরা পড়ে মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইন জানিয়েছে, বক্সিং ডে'তে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল খেলোয়াড় ব্র্যাড হার্ডি প্রথম প্রকাশ্যে মার্টিনের অসুস্থতার খবর জানান। তিনি তার ‘৬পিআর’ রেডিও অনুষ্ঠানে বলেন, ‘‘ডেমিয়েন মার্টিন বক্সিং ডেতে অসুস্থ হয়ে কুইন্সল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি এখন তিনি।’’

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। ব্যাট হাতে তিনি করেন ৪৪০৬ রান। মার্টিনের রয়েছে ১৩টি সেঞ্চুরি। আর ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

মার্টিনের কাছের বন্ধু ও সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট ‘নিউজ কর্প’কে বলেন, ‘‘সেরা চিকিৎসা পাচ্ছে মার্টিন। আমান্ডা (মার্টিনের পার্টনার) ও তার পরিবার জানে অনেক মানুষ প্রার্থনা করছে।’’

মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লিখেছেন, ‘‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’’

 

 

 

আরও