হকি অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ
হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৭:০০
হকি অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে স্থান নির্ধারণী ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়েছে বাংলাদেশ। আমিরুল ইসলামের দল ৫-৪ গোলে জিতে ১৭তম হয়ে শেষ করল বিশ্বকাপ অভিযান। আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে তাতে।
আজও ৩ গোল করেছেন অধিনায়ক আমিরুল ইসলাম। বাংলাদেশের অপর দুটি গোল হুজায়ফা হোসেন ও রাকিবুল হাসানের।
১৭ থেকে ২৪ হওয়ার লড়াইয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ১৩-০ গোলে হারিয়েছিল ওমানকে। এরপর সেমিফাইনালে ৫-৩ গোলে হারায় শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে। আজ অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম তারা। নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপটা স্মরণীয় হল তাতে।

৫-৪ স্কোরই বলছে রোমাঞ্চকর হয়েছে ম্যাচটা। ৩৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে। ১৫ মিনিটে আমিরুল ও ২৭ মিনিটে লক্ষ্যভেদ করেন হুজায়ফা হোসেন। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর কিছুক্ষণ আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি। দ্বিতীয় গোলটিও ছিল পেনাল্টি কর্নার থেকে। ৩৫ মিনিটে রকিবুল হাসানের ফিল্ড গোল ৩-০’তে এগিয়ে যায় বাংলাদেশ।
৪৪ মিনিটে এক গোল ফেরায় অস্ট্রিয়া। ৫০ মিনিটে আমিরুলের গোলে আবারও বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
৫১ মিনিটে বেনজামিন কেলনার ফেরান এক গোল। তবে ৫২ মিনিটে আমিরুলের তৃতীয় গোলে বাংলাদেশের লিড ছিল ৫-২। শেষ তিন মিনিটে দুই গোল ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেও আর জেতা হয়নি অস্ট্রিয়ার। এবারের বিশ্বকাপে আমিরুলের গোল ১৮টি। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা।