বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬ ১৩:০৪:০০
২০২৬ আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার না করা হয়, সেই নির্দেশনা এসেছে তথ্য মন্ত্রণালয় থেকে। আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় টুর্নামেন্টের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
আজ (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এর আগে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এর দুই দিনের মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা এল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।
মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদসহ অনেকেই ধুয়ে দিয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বলেছেন,‘‘আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো আইপিএলের লোগো কার শটের অনুকরণে করা? অনেকে এবি ডি ভিলিয়ার্সের নাম বলবেন। আসলে তা নয়। মাশরাফি বিন মর্তুজার শটের অনুকরণে আইপিএলের লোগোটা করা হয়েছে।’’