Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

আমিরুল-রকিবুলের হ্যাটট্রিকে ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

আমিরুল-রকিবুলের হ্যাটট্রিকে ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫ ০২:২৪:০০

সিনিয়রদের খেলায় বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী ওমান। প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের। তবে অনূর্ধ্ব-২১ পর্যায়ে এর কোনও ছাপই দেখা গেল না আজ। যুব হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের এটাই প্রথম জয়।

 হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন আমিরুল ইসলাম। হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসানও। ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে জোড়া গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু।

জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে না উঠলেও বাংলাদেশের লক্ষ্য এখন ১৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করা। সেই লক্ষ্যে আজ স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেহরাব হোসেন সামিনের দল। তাতে স্থান নির্ধারণী সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেরা চারের বাধা পেরিয়ে ফাইনালেও জিতলে ১৭তম হবে তারা।

 গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর আজ ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণীর কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে পাঁচ গোল করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলের আমিরুল ইসলাম।

‎ওমানের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই স্কোর ৩-০ করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে তিনটি গোল করেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশকে জোড়া গোল উপহার দেন রাকিবুল হাসান।

৩৩ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহ ওমানের জালে বল পাঠালে পার্থক্যটা আরও বাড়ে। এর এক মিনিট পর আবারও আমিরুলের ঝলক। পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন। সেই তৃতীয় কোয়ার্টারেই বাংলাদেশের হয়ে অষ্টম গোলটি করেন ওবায়দুল হাসান। শেষ দিকে সাজু দুবার এবং আমিরুল, রাকিবুল, আবদুল্লাহ আরও একবার করে ওমানের জালে বল পাঠিয়েছেন।

‎ জুনিয়র হকি বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। অপর দুই ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৫-৩ গোলে এবং আরেকটিতে ফ্রান্সের কাছে ৩–২ গোলে হেরেছে।

 

আরও