বার্সার জয়ের রাতে লিভারপুলের স্বস্তি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৯:০০
চ্যাম্পিয়নস লিগে চেলসির মাঠে সবশেষ ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই ধাক্কা কাটিয়ে মঙ্গলবার রাতে জয়ে ফিরেছে তারা। ক্যাম্প ন্যুতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তারা হারিয়েছে ২-১ গোলে।
ঘরের মাঠে ২১ মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের হয়ে গোল করেন আনসগার নাউফ। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বার্সাকে। এরপর জুলস কুন্দের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে তারা। ৫০ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন তিনি।
দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করে একটি রেকর্ডে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে ইয়ামাল এখন পর্যন্ত ১৪ গোলে অবদান (৭ গোল ও ৭ অ্যাসিস্ট) রেখেছেন, যা ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। এমবাপ্পের ছিল ১৩টি।

সান সিরোতে অপর ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে দুঃসময়ে থাকা লিভারপুল। শেষ সময়ে একটি ফাউলের ঘটনায় বদলে যায় ম্যাচের ছবি। পেনাল্টি পেয়ে কাজে লাগাতে ভুল করেননি দমিনিক সোবোসলাই। মোহাম্মদ সালাহকে কেন্দ্র করে খারাপ সময়ের মধ্যে যাওয়া লিভারপুলে বিতর্ক বেড়েছিল আরও। এই জয়ে আপাতত স্বস্তি ফিরল লিভারপুলে।
প্রিমিয়ার লিগের অপর দল চেলসি আবার ২-১ গোলে হেরেছে আতালান্তার বিপক্ষে। ২৫ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে গোল করেন জোয়াও পেদ্রো। ৫৫ মিনিটে গিয়ানলুকা স্কামাক্কার গোলে সমতা ফেরায় আতালান্তা। আর ৮৩ মিনিটে আতালান্তাকে জয়সূচক গোল এনে দেন চার্লস ডি কাটেলায়েরে।
এছাড়া ঘরের মাঠে স্পোর্টিং লিসবনকে বায়ার্ন হারিয়েছে ৩-১ গোলে।