আইএমএ অ্যালামনাই পুনর্মিলনী ২০২৬
ভ্রাতৃত্ব ও সামুদ্রিক উৎকর্ষ উদযাপনে সাবেক ক্যাডেটদের মিলনমেলা
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১৩:১৫:০০
আন্তর্জাতিক মেরিটাইম একাডেমি (আইএমএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১০ জানুয়ারি। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক অ্যান্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমএর কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, এফএনআই, ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন শুভ্রত কুমার সাহা এবং বিআরটিআই-এর প্রিন্সিপাল ক্যাপ্টেন হাবিবুর রহমান খানসহ সামুদ্রিক খাতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক মেরিটাইম একাডেমির গৌরবময় অর্জন উদযাপনের পাশাপাশি প্রাক্তন ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে তোলে। প্রধান অতিথি এমদাদুল হক চৌধুরী, হক অ্যান্ড সন্স লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন জি এম কাদেরী, সহকারী নির্বাহী পরিচালক ক্যাপ্টেন শামীম পারভেজ এবং আইএমএর কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ, এফএনআই তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রাক্তন ক্যাডেটদের পাশাপাশি চলমান ব্যাচের ক্যাডেটদের অনুপ্রাণিত করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য, আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সামুদ্রিক সম্প্রদায়ের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আসিফ ইবনে হারুন, কোষাধ্যক্ষ আবদুল্লাহ ইবনে মিজান, কোষাধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকী এবং প্রাক্তন ক্যাডেট শাফায়েত বিন আহমেদ তাঁদের বক্তব্যে ঐক্য, সহযোগিতা ও অ্যালামনাইদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আইএমএ ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচি ছিল সৌহার্দ্য, অনুপ্রেরণামূলক আলোচনা ও স্মরণীয় মুহূর্তে ভরা। আন্তর্জাতিক মেরিটাইম একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে এই অনুষ্ঠান।