Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

বাংলাদেশের দাবি মানতে পারে আইসিসি

বাংলাদেশের দাবি মানতে পারে আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬ ১৯:৩২:০০

 টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে  না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে আইসিসিকে। রবিবার আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ বোর্ড (বিসিবি)।

‘ক্রিকবাজ’ জানিয়েছে সেই অনুরোধ মেনে নিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়, যারা বিশ্বকাপের সহ-আয়োজক। শ্রীলঙ্কার কোনও একটি স্টেডিয়ামে ম্যাচগুলি দেওয়া হতে পারে।

নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না তারা পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। এরপরই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি।

 ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার তার ফেসবুক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।” তিনি আরও লেখেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।”

বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না করার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের বৈঠকে। 

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত পাঠানো হবে না।

এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ।

 

আরও