তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের সাক্ষাৎ
সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬ ১১:০৬:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
বাসস জানিয়েছে, আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সেখানে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, সরকার ও বিরোধীদল সবাই মিলে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।
বজলুর রশিদ ফিরোজ বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।