বিশ্বকাপের আগে আজ হলান্ড-এমবাপ্পে লড়াই
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪:০০
রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর শুরুটা দারুণ ছিল। সময় যত গড়িয়েছে ততই ম্লান হয়েছে তার দলের পারফরম্যান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জয়, এমন পরিস্থিতে প্রচণ্ড চাপের মধ্যে রিয়াল কোচ। আজ চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারলেই বরখাস্ত হবেন জাবি, ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন।
জাবি আলোনসো অবশ্য বিশ্বাস হারাচ্ছেন না। রিয়াল মাদ্রিদের পরিস্থিতি দ্রুতই বদলে যাবে বলে সংবাদ সম্মেলনে জানালেন তিনি, ‘‘ক্লাবে সবাই একসঙ্গে আছে। রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতি ঠান্ডা মাথায়, ঐক্য ধরে রেখে, দায়িত্বশীলভাবে সামলাতে জানতে হয়। আমি সামনে যা আসছে, তার জন্য উদ্গ্রীব। রবিবার যে ক্ষোভ ছিল, তা থেকে সিটির বিপক্ষে ম্যাচের উত্তেজনায় সবকিছুই বদলে যেতে পারে। ফুটবলে ভালো বা খারাপ, সবকিছুই খুব দ্রুত বদলে যায়। দৃষ্টিভঙ্গিও বদলে যায়।’’
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ইউরোপের এই দুই পরাশক্তির এটা ১৫তম লড়াই। ২০১২-১৩ মৌসুমে দুই দলের প্রথম সাক্ষাতের পর থেকে চ্যাম্পিয়নস লিগে আর কোনো দল এত বেশিবার মুখোমুখি হয়নি।

পরিস্থিতি বদলানোর জন্য ম্যান সিটির বিপক্ষে জিততেই হবে রিয়ালকে। জয়ের আশা করছেন রিয়াল কোচও, ‘‘আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। দল একতাবদ্ধ। আমরা সবাই বিশ্বাস করি, ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে।’’
ম্যাচটা শুধু জাবির চাকরি বাঁচানোর নয়। সময়ের অন্যতম সেরা দুই তারকা আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেরও লড়াই। বিশ্বকাপে মুখোমুখি হবে দুজনের দল নরওয়ে আর ফ্রান্স। আগামী ২৬ জুন যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে লড়বে তারা। এর আগে আজই হয়ে যাবে তার মহড়া।
২০১৯ সালে হলান্ডের চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছেন দুজন। এমবাপ্পে-হলান্ডের প্রথম লড়াইটি হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। সেই ম্যাচে এমবাপ্পের পিএসজিকে ২-১ গোলে হারিয়েছিল হলান্ডের ডর্টমুন্ড। জোড়া গোল করেছিলেন হলান্ড।
গত মৌসুমেও হলান্ড-এমবাপ্পের দেখা হয়েছিল নকআউট প্লে-অফে। দুই লেগ মিলিয়ে এমবাপ্পে করেছিলেন ৪ গোল, দ্বিতীয় লেগে করেন হ্যাটট্রিক। প্রথম লেগে হলান্ড ২ গোল করলেও সিটি হেরেছিল দুই ম্যাচই।
চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পেই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। ৫ ম্যাচে ৯ গোল তাঁর। হলান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে করেছেন ৫ ম্যাচে ৫ গোল। আজ নিশ্চয়ই একে অন্যকে ছাড়িয়ে যেতে চাইবেন দুজন।