Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৯:০০

মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিলামে কাড়াকাড়ি হবে-এমন গুঞ্জন ছিল শুরু থেকে। সত্যি হলো সেটাই। দিল্লি, চেন্নাই, কলকাতার টানাটানিতে শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি উঠল মোস্তাফিজের দাম। শেষ হাসিটা কলকাতা নাইটরাইডার্সের।

 দিল্লি সরে যাওয়ার পর নাছোড়বান্দা চেন্নাই সুপার কিংসকেও টেক্কা দিয়ে বাংলাদেশি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। 

আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটা। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপির মতো।

গত আসরে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে তাঁকে দলে নেয় দিল্লি। সে আসরে ৬ কোটি ভারতীয় রুপিতে বিক্রি হলেও মোস্তাফিজ পেয়েছিলেন ২ কোটি রুপির কম। 

নিলামে নাম উঠেছিল তাসকিন আহমেদের। তবে ৭৫ লাখ রুপির ভিত্তি মূল্যের বাংলাদেশের পেসারকে কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।

ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা যা আইপিএল ইতিহাসে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে বাজিমাত করে তারা। এরপর মাথিশা পাথিরানাকেও ১৮ কোটি রুপিতে কেনে কলকাতা।

গতবার ভারতীয় অলরাউন্ডার ভেংকটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই ভেংকটেশকে ৭ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

আরও