৭ রানে ৫ উইকেট নিয়ে নাসুমের রেকর্ড
সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬ ১৬:২৯:০০
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (সোমবার) বিপিএলে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট। প্রথমে ব্যাটিংয়ে নেমে নাসুমের তোপে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। জবাবে ৮.৪ ওভারেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় সিলেট।
নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়েই তছনছ হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন নাসুম। বিপিএলে এটি যৌথভাবে চতুর্থ সেরা বোলিং। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে এত কম রান দিয়ে কমপক্ষে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে নাসুম আছেন দুইয়ে।
সবচেয়ে কম রানে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ডে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রিজটাউনে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

বিপিএলে স্পিনারদের মধ্যে নাসুমের কীর্তিই সেরা বোলিং ফিগার। এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে সাকিব খরচ করেছিলেন ১৬ রান। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সাকিব।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে সবচেয়ে কম রানে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ডে যৌথভাবে তৃতীয় নাসুম। রেকর্ডটা শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। এই বাঁহাতি স্পিনার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড গেদে প্রিয়ান্দানার। গত ২৩ ডিসেম্বর বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ১ রানে ৫ উইকেট নেন ইন্দোনেশিয়ার পেসার। এক ওভারেই ৫ উইকেট পেয়েছিলেন প্রিয়ান্দানা।
সিলেটের বোলারদের চাপে পড়ে নোয়াখালী ২৮ রানেই হারায় তিন উইকেট। এরপর নাসুম আহমেদের আগমনে পুরো ইনিংসটাই ভেঙে পড়ে। এক পর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারানো নোয়াখালীকে নিজের শেষ ওভারে মাত্র এক রানের ব্যবধানে ৯ উইকেটে নামিয়ে আনেন নাসুম, ৫৫ থেকে ৫৬ রানেই পড়ে যায় তিন উইকেট।
শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস মাত্র ৬১ রানে অলআউট হয়ে যায় ১৪.২ ওভারে। এটি বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ, সিলেট ভেন্যুতে সর্বনিম্ন এবং ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৬৩ রানে অলআউট হওয়ার পর বিপিএলের সবচেয়ে কম স্কোর। নোয়াখালীর ইনিংসে সামান্য প্রতিরোধ গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন, ৩২ বলে ২৫ রান করেন তিনি। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৬ বলে ১৮ রান।
জবাবে পাকিস্তানি পেসার বিলাল সামির বলে শুরুতেই ফিরে যান জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। তবে জাকির হোসেনের সঙ্গে আরেক ওপেনার তৌফিক খানের ৫৩ রান্বের জুটিতে জয়ের সুবাদ পেতে থাকে দলটি।