ফাহিমের আগুনে বোলিংয়ে চট্টগ্রামকে উড়িয়ে শুরু রংপুরের
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪০:০০
চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না রংপুর রাইডার্স। চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করল নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্যে চট্টগ্রামকে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট করেছে রংপুর রাইডার্স। এরপর ডেভিড ম্যালানের ফিফটিতে ভর করে সেই রান তারা ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারেই টপকে গেছে। ম্যালান ৪৮ বলে ৫১ আর লিটন দাস ৩১ বলে করেন ৪৭।
আগুনে বোলিংয়ে ৩.৫ ওভারে ১৭ রানে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হয়ে গেলেন ফাহিম আশরাফ। এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরার বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। তাসকিন, পেরেরাও এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে।
নাহিদ রানার করা ইনিংসের প্রথম ওভারেই আউট হন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হন।
নাঈমের পরে আর মাত্র দুজন ব্যাটসম্যান ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। তাদের মধ্যে মির্জা তাহির বেগ ২৪ বলে ২০ আর আবু হায়দার ২১ বলে ১৩ রান করেন। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৯ রানে নেন ২ উইকেট।