লিটনকে ধন্যবাদ শামীমের
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ ১৮:২৬:০০
গত নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি শামীম হোসেনকে। গাজী আশরাফ হোসেন লিপু এরপর বেশ তোপের মুখে পড়েছিলেন। খোদ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস জানিয়ে দেন, তার সঙ্গে আলোচনা ছাড়াই দল দেওয়া হয়েছে। অধিনায়কের ক্ষোভ সামলাতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দলে নেওয়া হয় শামীম হোসেনকে।
ওই সিরিজের পর লম্বা বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি মঞ্চ এই বিপিএল। এখানেই নিজেদের প্রস্তুতির পাশাপাশি প্রমাণের ব্যাপারটিও থাকে। বছরের প্রথমদিন দুটোই পেয়েছেন শামীম হোসেন। সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে অসাধারণ ইনিংস খেলেছেন এই তরুণ। মাত্র ৫ রানের জন্য মিস করেছেন টি-টোয়েন্টিতে নিজের আগের সেরা স্কোর টপকে যাওয়ার সুযোগ।
শামীমের দুর্দান্ত ইনিংসে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছির ঢাকা। ৪৩ বলে ৮১ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি শামীম। তবে বিশ্বকাপের জন্য নিজেকে সেট করার আত্মবিশ্বাস পেয়েছেন। এই আত্মবিশ্বাস লিটনের পাশে থাকার কারণেই এসেছে। আয়ারল্যান্ড সিরিজে অধিনায়ককে পাশে না পেলে দল থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল শামীমের।
তাই বিপিএলের ম্যাচ শেষে লিটনকে ধন্যবাদ দিতে ভোলেননি শামীম, “জাতীয় দলের কথা প্রসঙ্গে প্রথমে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিতে চাই। উনি আমার ওপর অনেক বিশ্বাস রেখেছেন। আফগানিস্তানের বিপক্ষে (গত অক্টোবরে) কিছুটা বাজে সময় গিয়েছে কিন্তু এর আগে আমি ম্যাচ জয়ী ইনিংস খেলেছি। একজন ক্রিকেটারের দু-তিনটা ইনিংস খারাপ যেতেই পারে, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। সবার থেকে ব্যাকআপ, ভালো সমর্থন থাকলে খুব ভালো ভাবে ফিরে আসা যায়।”