জার্সিতে তৃতীয় তারার খোঁজে সূর্যকুমাররা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:২০:০০
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সিতে খেলবে ভারত। জার্সি বদলে গেলেও স্বপ্নটা বদলায়নি। পুরো দলের স্বপ্ন একটাই। জার্সির বুকে দুটি তারার পাশে তিন নম্বর তারা লাগানো। এরই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দিনই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচিত হয়েছে। কটকে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সেই জার্সি পরে ফটোশুট সেরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখানেই নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করেছে এ নিয়ে। সেখানে দেখা যাচ্ছে, সূর্যকুমার, হার্দিক, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম দুবে, জিতেশ শর্মারা নতুন জার্সি পরে ফটোশুট করছেন। তখন মজা করতেও দেখা গেছে ক্রিকেটারদের।
নতুন জার্সি পরে অধিনায়ক সূর্যকুমার বললেন, “কাঁধে তিনটা সাদা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জার্সিটা শরীরে ভাল ভাবে ফিট হয়েছে। (বুকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে) দুটি তারা এসে গিয়েছে। তিন নম্বর তারার প্রস্তুতি নিচ্ছি।” নতুন জার্সিতে দুটি আলাদা রঙের স্ট্রাইপ রয়েছে। সেটি পছন্দ হয়েছে তিলক বর্মার। তিনি বলেন, “জার্সিটা অনেকটা ফুটবলের জার্সির মতো লাগছে। সামনের দিকে স্ট্রাইপ রয়েছে। দুটো তারা দেখা যাচ্ছে। এই দুটো তারার গুরুত্ব বিশাল। তবে তৃতীয় তারা লাগানো আমার স্বপ্ন। তার জন্য নিজের সবটা দেব।”
ভারত এর আগে ২০০৭ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এবার নিজেদের মাটিতে তারা চায় তৃতীয় বিশ্বকাপ শিরোপা। তাহলে জার্সিতে লাগবে তিনটি তারা। প্রথম দুটি বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখেছেন অভিষেক। এ বার দলের ভরসা তিনি। সেই অভিষেক বললেন, “এই দুটি তারা ভারত কীভাবে জিতেছে সেটা টেলিভিশনে দেখেছি। সেই জার্সি পরতে পেরেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। অনেক পরিশ্রম করেছি। এ বার তিন নম্বর তারা লাগাতে চাই।”
অক্ষরের অবশ্য অন্য একটি কারণে জার্সি পছন্দ হয়েছে। তিনি নিজের ভঙ্গিতে বলেন, ‘‘এক নম্বর জার্সি। সবচেয়ে ভাল লাগছে বোর্ডের লোগোর ভিতরে তারা আঁকা আছে। সেটা সবচেয়ে সুন্দর লাগছে।” শিবম আবার নম্বর দিয়েছেন নতুন জার্সিকে। ভারতের এই অলরাউন্ডার বলেন, “দুর্দান্ত একটা জার্সি। নকশাটাও খুব সুন্দর। জার্সিটা পরে খুব ভাল লাগছে। একে ১০-এ ১০ দেব।”