মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:৩২:০০
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।
বুধবার সকাল ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে এ দৃশ্য দেখা যায়। পাশে তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভ্রাতৃবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি দোয়া-দরুদ পড়ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তারেক রহমানের গুলশানের বাসভবনে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়।
ওই বাড়িতে আরও অবস্থান করছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
বিএনপি নেত্রীর ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ অন্য স্বজনরাও রয়েছেন। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান খানও রয়েছেন।