মোবাইল ফোনের আমদানি শুল্ক ৬০% কমল, দাম কত কমবে
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১৮:২৯:০০
মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানো হয়েছে। ফোন আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হলো।
একইসঙ্গে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আমদানি শুল্ক কমানোর ফলে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠান যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে জন্য তাদের আমদানি করা উপকরণেও কর কমানো হয়েছে।
এর ফলে মুঠোফোন সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমানো হলো।
মঙ্গলবার এ–সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দুই সিদ্ধান্তের ফলে মোবাইল ফোনের দাম কত কমবে তারও একটা হিসাব দিয়েছে এনবিআর।
এনবিআরের হিসাব অনুসারে, ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে ৫ হাজার টাকা কমবে।
আর ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকদের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে বলে সরকার আশা করছে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।