বিশ্বকাপে বাদ পড়ছেন জাকের, সাকিব-হাসানের লড়াই
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৩:০০
বিশ্বকাপের দল দেওয়া নিয়ে বরাবরই নাটকীয়তা হয় বাংলাদেশের। ৩ জানুয়ারির মধ্যে আইসিসিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল পাঠাতে হবে। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দল ঘোষণা করেছে। বাংলাদেশও দল নির্বাচনের শেষ প্রান্তে। দলের ১২ জন চূড়ান্ত। শুধু তিন জায়গা নিয়েই হচ্ছে আলোচনা। তবে শেষ পর্যন্ত ৩ জানুয়ারিতে আইসিসিতে দল পাঠানো হলেও তা ঘোষণা করা হবে কিনা তা বিরাট প্রশ্ন।
একজন উইকেটকিপার ব্যাটার, একজন স্পিনার এবং একজন পেসারের জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু গত সপ্তাহে অধিনায়ক লিটন দাশের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। তবে শেষ করতে পারেননি সেই মিটিং। পহেলা জানুয়ারী আবার সিলেটে লিটনের সঙ্গে হতে যাচ্ছে সেই মিটিং। মূলত এই মিটিংয়েই চূড়ান্ত হবে বিশ্বকাপ দল।
গত আয়ারল্যান্ড সিরিজ থেকে অনুমিত ভাবে একজন কাটা পড়তে যাচ্ছেন। পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবারের বিশ্বকাপ দলে জায়গা হারানোর দ্বারপ্রান্তে জাকের আলি। তার পরিবর্তে কপাল খুলতে যাচ্ছে নুরুল হাসান সোহানের। দারুণ লড়াই হচ্ছে দুই পেসারের মধ্যে। হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের কে শেষ ১৫ জনের মধ্যে পা রাখবেন তা দেখার বিষয়।
বিপিএল পারফরম্যান্সে অনেকটা এগিয়ে গেছেন হাসান। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন হাসান। দল হারলেও নিজে আছেন উজ্জ্বল ৫ উইকেট নিয়ে। ইকোনমিও দারুণ মাত্র ৫.২৫। ওদিকে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে তানজিম ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ৯.১৬ ইকোনমি রেটে। তবে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে তানজিমের পরদর্শীতা এগিয়ে রাখতে পারে এই পেসারকে।
স্পিনে আলোচনার সুযোগ থাকলেও তানভীর ইসলামের চেয়ে অনেকটা এগিয়ে আছেন নাসুম আহমেদ। সবশেষ সিরিজে খেলেছেন এই বাঁহাতি। আবার সবশেষ বিশ্বকাপেও দলে ছিলেন তানভীর কিন্তু ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা এগিয়ে রাখছে নাসুমকে। সেই হিসেবে নাসুম এগিয়ে আছেন।
এমনিতে দলের বাকি সদস্যরা নিশ্চিত। লিটন দাসের নেতৃত্বে আয়ারল্যান্ড সিরিজে ছুটি নেওয়া তাসকিন আহমেদ ফিরবেন দলে। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর ও শরিফুল ইসলাম আছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টিকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আছেন মেহেদি হাসান। বিগ ব্যাশ লিগ খেলে নিজেকে আরও প্রস্তুত করে রাখছেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ে সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেনরা মূল ভরসা।
বাংলাদেশ বিশ্বকাপ দল (সম্ভাব্য) : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।