৫০০ টাকার নতুন নোট আসছে বৃহস্পতিবার
বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৭:০২:০০
বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট। ৪ আগস্ট বৃহস্পতিবার থেকে নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে।
নতুন এই ৫০০ টাকার নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এক হাজার, দুইশ, একশ, পঞ্চাশ, বিশ, দশ, পাঁচ ও দুই টাকার নতুন নোটের মতো ৫০০ টাকার নতুন নোটের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে।
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। তবে এসব নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫০০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে। রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট প্রচলন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এই সিরিজের এক হাজার, পাঁচশ, দুইশ, একশ, পঞ্চাশ, বিশ, দশ, পাঁচ ও দুই টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।
এ পর্যায়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাজারে দেওয়া হবে।

৫০০ টাকার নতুন নোটে কী থাকছে
নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্যে ১৫২ মিলিমিটার ও প্রস্থে ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।
নোটের পেছনভাগে সুপ্রিম কোর্টের ছবি এবং জলছাপে রয়েল বেঙ্গল টাইগার থাকছে।
নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে এবং এখানে ১০ পরতে নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ডান কোনায় মুদ্রিত ‘500’ রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দিয়ে ছাপা। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশা ও বৈশিষ্ট্যের ৫০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।