রোজায় পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ১টা ৪০ মিনিট
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২৩:০০
রোজার মাসে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ডিএসই বলেছে, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে; এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’।
তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ডিএসই অফিস ও লেনদেনসূচি স্বাভাবিক সূচিতে ফিরবে।
স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। আর অফিসসূচি থাকে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবছর রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা।
অন্যদিকে রোজার মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।