বড় উত্থানের পরের দিনই হোঁচট পুঁজিবাজারে
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০৭:০০
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছিল দেশের পুঁজিাবাজারে। নির্বাচনের পর প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই বাজরেই মূল্য সূচকের বড় উত্থান হয়। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২০০ পয়েন্ট; অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল প্রায় ৫০০ পয়েন্ট।
লেনদেনের পরিমাণও বেড়েছিল দুই বাজারে। বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। আর তাতে দীর্ঘদিন পর ছোট-বড় সব বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। নতুন সরকার বাজারের দিকে নজর দেবে, বাজার ভালো হবে, এতোদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন—এমনটাই আশা করছিলেন সবাই।
কিন্তু পরের দিনই হোঁচট খেয়েছে। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
বাংলাদেশে বহুল আলোচিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া বেসরকারি ফল অনুযায়ী দলটি সংসদের দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান ঢাকা ও বগুড়ার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। ফলে বিএনপির আগের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তিনিই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
মঙ্গলবার রাষ্ট্রের হাল ধরবে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। তার আগের দিন সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ০৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে। দ্বিতীয় সূচক ডিএসই শরিয়াসূচক ডিএসইএস ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৯ দমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ২১৮টির। আর অপরিবর্তিত ছিল ২৬টির দর।
১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন রবিবার লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫৪০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫২৬ পয়েন্টে, শরিয়াসূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।
২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ২২টির দর।
সোমবার সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। রবিবার হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে দাঁড়িয়েছিল।