Beta
Logo

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
সকাল সন্ধ্যা প্রতিবেদন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:১৯:০০

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন একঝাঁক নতুন মুখ নিয়ে। প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীরের হাতে। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন।

 

আর বাণিজ্য প্রতিমন্ত্রী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

 

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আবদুল মুক্তাদীর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। এই ব্যবসায়ী নেতা ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার বাবা খন্দকার আবদুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

 

যোগাযোগ করা হলে খন্দকার আবদুল মুক্তাদীর মঙ্গলবার রাতে সকাল সন্ধ্যাকে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দেব।”

 

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। বাণিজ্যের পাশাপাশি শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন তিনি।

 

এবারের নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

১৯৮০ ও ১৯৯০–এর দশকে বহুল প্রচারিত একটি টিভি বিজ্ঞাপন ছিল, ‘আলমের ১ নং পচা সাবান’। সাবান কারখানাটি এখনো আছে, যা তাদের পারিবারিক ব্যবসা। পচা শু কোম্পানি নামেও তাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। কক্সবাজারে ‘লং বিচ’ নামের বহুতলবিশিষ্ট একটি হোটেল আছে শরীফুল আলমদের।

আরও