ফেডারেশন কাপে শঙ্কায় বসুন্ধরা কিংস
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ২১:০৪:০০
মোহামেডানের রক্ষণ কয়েকবার কাঁপিয়ে দিল বসু্ন্ধরা কিংস। একবার বল জালেও জড়াল, কিন্তু হতাশা বাড়ল অফসাইডের বাঁশিতে। ফলে, ফেডারেশন কাপে ভালো খবর আর শোনা হলো না কিংস সমর্থকদের। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুশ্চিন্তা বেড়েই চলল তাদের। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে ‘রোড টু ফাইনালে’ পিছিয়ে পড়ল বসুন্ধরা কিংস। বিপরীতে পয়েন্ট ভাগাভাগি করে ভালো অবস্থানে দাঁড়াল মোহামেডান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচটি গোলশূন্য ড্র-তে শেষ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল কিংস। ফর্টিসের বিপক্ষে ১-১ গোলের ড্র-তে ফেডারেশন কাপ শুরু করা দলটি এবার আটকা পড়েছে মোহামেডানের সামনে।
‘বি’ গ্রুপে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কিংস। এক ম্যাচ বেশি খেলা মোহামেডান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া ফর্টিস গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে।
ফেডারেশন কাপে অংশ নেওয়া ১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে নেমেছে শিরোপার লড়াইয়ে। প্রত্যেক গ্রুপে থাকা পাঁচ দল থেকে শীর্ষ দুই দল টিকে থাকবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ মিলিয়ে চার দল খেলবে কোয়ালিফাইং রাউন্ড। দুই গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে প্রথম কোয়ালিফাইং ম্যাচে। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।
এই ম্যাচে হেরে যাওয়া দলেরও ফাইনালের সম্ভাবনা বেঁচে থাকবে। তাদের থাকবে ‘সেকেন্ড চান্স’। দুই গ্রুপ রানার্স-আপ মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফাইংয়ে। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালের ওঠার লড়াইয়ে নামবে প্রথম কোয়ালিফাইংয়ে হেরে যাওয়া ওই দলটি।
অর্থাৎ, রোড টু ফাইনালে টিকে থাকতে অন্তত গ্রুপ রানার্স-আপ হওয়ার চাই। মোহামেডানের সঙ্গে ড্র করে পথটা অনেক কঠিন করে তুলেছে কিংস। গ্রুপে পর্বে বাকি থাকা দুই ম্যাচের একটিতে হারলেই ফেডারেশন কাপ থেকে ছিটকে পড়তে হবে। শুধু তা-ই নয়, অন্তত একটি ম্যাচ জিততেই হবে। ওদিকে মোহামেডান ও ফর্টিস তাদের শেষ খেলায় জিতে গেলে কিংসকে দুটো ম্যাচেই জিততে হবে। সঙ্গে বাড়িয়ে নিতে হবে গোল ব্যবধান।
জটিল এই সমীকরণ বলছে, ফেডারেশন কাপের কোয়ালিফাইং রাউন্ড এখন আর শুধু বসুন্ধরা কিংসের নিজেদের হাতে নেই।