ক্যাচের বিশ্বরেকর্ড তামিমের
মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৩১:০০
বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। তার মূল কাজ ব্যাটিং, তবে ফিল্ডিংয়েও তিনি দুর্দান্ত। এখানেই গড়লেন নতুন কীর্তি। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড নিজের দখলে নিয়েছেন তামিম।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি। গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডিয়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করেন তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নিলেন তিনি।
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ছাড়াও এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি আছে আরও দুজনের। দুজনই আইসিসি সহযোগী দেশের খেলোয়াড়। ২০২৩ সালে কাতারের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা। আর এ বছরের সেপ্টেম্বরে সমান সংখ্যক ক্যাচ নিয়েছিলেন সুইডেনের সেদিক সাহাক।
ফিল্ডিংয়ে রেকর্ড গড়া তামিম ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। আগের দুই টি-টোয়েন্টির ব্যর্থতা ঝেরে সিরিজ নির্ধারণী ম্যাচে পেয়েছেন হাফসেঞ্চুরি। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ৫৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে ‘হায় হায়’ রব উঠেছিল বাংলাদেশের ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে লজ্জার হারে টিম নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে আশঙ্কার সব মেঘ সরিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে সাফল্যের গাড়ি ছুটে চলল। ঘুরে দাঁড়িয়ে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে ২০২৫ সালকে টি-টোয়েন্টিতে সেরা বছর বানাল লিটন দাসরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে একপঞ্জিকাবর্ষে সেরা সাফল্য পেল লিটন দাসরা। ১৫ টি-টোয়েন্টিতে জিতে ২০১৫ সাল শেষ করল বাংলাদেশ। এর আগে গত বছরের ১২ জয় ছিল সেরা সাফল্য।