Beta
Logo

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সিরিজ জয়ের আনন্দে টি-টোয়েন্টির সেরা বছর বাংলাদেশের

সিরিজ জয়ের আনন্দে টি-টোয়েন্টির সেরা বছর বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৪:০০

আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে ‘হায় হায়’ রব উঠেছিল বাংলাদেশের ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে লজ্জার হারে টিম নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে আশঙ্কার সব মেঘ সরিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে সাফল্যের গাড়ি ছুটে চলল। ঘুরে দাঁড়িয়ে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতে ২০২৫ সালকে টি-টোয়েন্টিতে সেরা বছর বানাল লিটন দাসরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে একপঞ্জিকাবর্ষে সেরা সাফল্য পেল লিটন দাসরা। ১৫ টি-টোয়েন্টিতে জিতে ২০১৫ সাল শেষ করল বাংলাদেশ। এর আগে গত বছরের ১২ জয় ছিল সেরা সাফল্য।

চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও তাণ্ডব শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে এবার বড় স্কোর গড়তে পারেনি। মোস্তাফিজুর রহমান (৩/১১) ও রিশাদ হোসেনের (৩/২১) চমৎকার বোলিংয়ে অল্পতে আটকে যায় তারা। দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন অধিনায়ক পল স্টার্লিং। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান জর্জ ডকরেলের।

ফিল্ডিংয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তামিম। এই ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে যৌথ সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি। আইসিসির পূর্ণ সদস্য দেশ বিবেচনায় অবশ্য তামিম সবার ওপরে।

ফিল্ডিংয়ে রেকর্ড গড়া তামিম ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। আগের দুই টি-টোয়েন্টির ব্যর্থতা ঝেরে সিরিজ নির্ধারণী ম্যাচে পেয়েছেন হাফসেঞ্চুরি। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ৫৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। চারে নামা পারভেজ হোসেন ইমন ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ছিলেন ৩৩ রানে।

তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাইফ হাসান ১৪ বলে ১৯ রান করে ফেরেন। অধিনায়ক লিটন দাস করেছেন ৭ রান।

ম্যাচসেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। আর সিরিজসেরা শেখ মেহেদী হাসান।

আরও