Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

কোটিপতি না হওয়ার আফসোস নেই লিটনের

কোটিপতি না হওয়ার আফসোস নেই লিটনের
ক্রীড়া প্রতিবেদক
মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ ২০:৩৯:০০

জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই সরাসরি চুক্তিতে দল নিশ্চিত করেছেন। লিটন দাস বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, বিপিএল যেহেতু এই ফরম্যাটেই হয়, স্বাভাবিকভাবেই তার চাহিদা তুঙ্গে থাকার কথা। তবে এই উইকেটকিপার ব্যাটার সরাসরি চুক্তিতে কোনও ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাননি। নিলামের হাতুড়িতেই ছেড়ে দিয়েছিলেন তার বিপিএল-ভাগ্য।

১২ বছর পর বিপিএলে ফেরা নিলামে লিটনের ঠিকানা হয়েছে রংপুর রাইডার্স। ‘এ’ ক্যাটগরিতে ৫০ লাখ টাকার ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় ঘরে তুলেছে রংপুর। একই ক্যাটাগরিতে থাকা নাঈম শেখের দাম উঠেছে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকা। দামের হিসাবে লিটন বেশ পিছিয়েই পড়েছেন। ওপেন নিলামে কোটিপতি হতে পারলেন না, এজন্য কি আফসোস হচ্ছে? লিটন জানালেন, সৃষ্টিকর্তা যা দিয়েছেন, তাতেই তিনি তৃপ্ত।

৩০ নভেম্বের রাজধানীর একটি হোটেলে হয়েছে ২০২৬ বিপিএলের নিলাম। ছয় দলের অংশ নেওয়া নিলামে অন্যতম আকর্ষণ ছিলেন লিটন। ভিত্তিমূল্যের চেয়ে ২০ লাখ টাকা বেশি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে রংপুর। তার চেয়ে বেশি দামে দল পেয়েছেন নাঈম শেখ ও তাওহিদ হৃদয় (৯২ লাখ টাকা)।

নাঈম ও হৃদয়ের দাম দেখে কি একটু হতাশা লেগেছে লিটনের? আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্নটা এসেই গেল- নিলামে কি প্রত্যাশামতো দাম পেয়েছেন লিটন?

এই উইকেটকিপার ব্যাটার বললেন, “এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি স্রষ্টায় বিশ্বাস করি। যদি কখনও তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।”

সংবাদ সম্মেলন শেষের পথে। উত্তরটা দিয়ে চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন লিটন। সেসময় আবার জিজ্ঞেস করা হলো, কোটিপতি না হওয়ার আফসোস কি আছে? এবারও তার একই উত্তর, “আমি তো বললাম স্রষ্টায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।”

আরও