যুব হকি বিশ্বকাপ
ফ্রান্সকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ ২০:২৬:০০
যুব হকি বিশ্বকাপ শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয়েছিল ফ্রান্সকে। দুই বছর আগে জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল ইউরোপের দেশটি। সেই ফ্রান্সকে এবারের বিশ্বকাপে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। আফসোস, শেষটা হয়েছে হতাশার। চোখে চোখ রেখে লড়াই করে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চেন্নাইয়ের রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারের সপ্তম মিনিটে লিড নেয় ফ্রান্স। পেনাল্টি কর্নার থেকে গোল করেন টম গাইলার্দ। পিছিয়ে পড়ে হাল ছেড়ে দেয়নি বাংলাদেশ। সমতায় ফিরতে লড়াই চালিয়ে যায়। বিরতির আগে গোল শোধও দেয় টুর্নামেন্টে প্রথম অংশ নেওয়া বাংলাদেশ।
২৮ মিনিটে সমতায় ফেরে রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে। এবার প্রথম গোল আসে আক্রমণ থেকে। মোহাম্মদ আব্দুল্লাহর স্টিক থেকে খেলায় ফেরে বাংলাদেশ।
যদিও স্কোরলাইন ১-১ বেশিক্ষণ রাখতে পারেনি। ৩২ মিনিটে আবার এগিয়ে যায়। আক্রমণ থেকে গোল ফরাসিদের লিড এনে দেন গাবিন লরাজুরি।
মিনিট ছয়েক পর ফ্রান্স আরও এগিয়ে যায়। ৩৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন জেমস লিদিয়ার্দ।
বাংলাদেশ ভেঙে পড়েনি। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায়। ৫৫ মিনিটে গোল পেয়েও যায়। পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে স্কোরলাইন ৩-২ করে বাংলাদেশ। ওই স্কোরলাইনের শেষ বাঁশি বাজলে শেষ হয় বাংলাদেশের লড়াকু এক ম্যাচ।
তিন ম্যাচে বাংলাদেশের ১ পয়েন্ট। সব ম্যাচেই বাংলাদেশের দারুণ পারফরম্যান্স। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলের হার। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচ শেষ করেছিল ড্র-তে।