৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১১:০৬:০০
গুঞ্জন ছিল আগে থেকে। সত্যি হলো সেটাই। রিয়ালের দায়িত্ব নিয়ে সাত মাস পরই বরখাস্ত হলেন কোচ জাবি আলোনসো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদ নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন আরবেলোয়া।
এক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূল দলের কোচ হিসেবে জাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’’ আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে রিয়াল। ড্র করেছে ৪টি, হেরেছে ৬টি।

কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই আরবেলোয়া রিয়াল মাদ্রিদের যুব একাডেমির সঙ্গে যুক্ত। ২০২০-২১ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ‘এ’ দলের কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরের মৌসুমে অনূর্ধ্ব-১৬ এবং ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলান।
২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলকে দিয়ে লিগ, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জন করেন তিনি। এছাড়া ২০২৪-২৫ মৌসুমে দলকে লিগ শিরোপাও এনে দেন এই স্প্যানিশ কোচ।
খেলোয়াড় হিসেবেও রিয়াল মাদ্রিদের সঙ্গে আরবেলোয়ার সম্পর্ক গৌরবময়। ‘লস ব্লাঙ্কোর’ জার্সিতে তিনি ২৫৬ ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট আটটি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ।
পাশাপাশি ২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন জাতীয় দলের সদস্য হিসেবেও ইতিহাস গড়েন তিনি। এ ছাড়া জাতীয় দলের হয়ে ২০২৮ ও ২০১২ সালে ইউরো জেতেনে তিনি।