খাজার বিদায়ী টেস্ট জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬ ১১:৪০:০০
বিদায়ী ইনিংসটা রাঙাতে পারেননি উসমান খাজা। জস টাঙের বলে বোল্ড হয়েছেন ৬ রানে। তবে যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খাজার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানে শেষটা হলো জয়ে। এসসিজিতে আজ শেষ হওয়া অ্যাশেজের পঞ্চম টেস্টে ৫ উইকেটে জিতেছে অজিরা।
৭৫ ওভারে ৮ উইকেটে ৩০২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ইংল্যান্ডের ইনিংস আজ সকালের সেশনে টিকেছে মাত্র ১৩.২ ওভার। রান যোগ হয় মাত্র ৪০। তাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য মাত্র ১৬০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ৫ উইকেট হারিয়ে ৩১.২ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতল ৪-১ ব্যবধানে।
একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ২৩.১ ওভারে ৫ উইকেটে ১২১ রান। ইংল্যান্ডের তখন জয়ের সামান্যতম সম্ভাবনা তৈরি হলেও সেটা হতে দেননি ক্যামেরন গ্রিন-অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। জয়ের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়া ৩১.২ ওভারে ৫ উইকেটে করে ১৬১ রান। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন মারনাস লাবুশেন। ইংল্যান্ডের টাঙ নিয়েছেন ৩ উইকেট।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ২০১১ সালে অ্যাশেজ দিয়ে খাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। খাজার অভিষেকের সেই ম্যাচে যেমন স্টিভ স্মিথ একাদশে ছিলেন, আজ বিদায়বেলায় খাজাও তাঁকে (স্মিথ) সতীর্থ হিসেবে পেয়েছেন। এসসিজিতে আজ পঞ্চম দিনে অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষ হওয়া মাত্রই খাজার দীর্ঘ ক্যারিয়ারের ইতি হয়ে গেল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাজাকে নিয়ে স্মিথ বলেন, ‘‘উসমানের ক্যারিয়ারটা দারুণ ছিল। তার অভিষেকের সময় খেলেছি। সে মানুষ ও ক্রিকেটার হিসেবে অসাধারণ। তাকে অবশ্যই ড্রেসিংরুমে আমরা মিস করব।’’
সিডনি টেস্টের আগে সংবাদ সম্মেলনেই যে খাজা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, মাঠে কি আবেগ ধরে রাখা এতটা সহজ! বিদায়ী ম্যাচটাতে তাই সেভাবে মনোযোগ দিয়ে খেলতে পারেননি বলে আজ অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষে জানিয়েছেন খাজা। সম্প্রচারকারী চ্যানেল ফক্স স্পোর্টসকে খাজা বলেন, ‘‘আমার কাছে এটা অনেক বড় পাওয়া। অনেক কিছু জড়িয়ে রয়েছে এখানে। আমার ব্যাট থেকে জয়সূচক রান আসবে, এটাই চেয়েছিলাম। পুরো টেস্ট ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। মাঠে মনোযোগই দিতে পারছিলাম না। আমার যে ক্যারিয়ার, তাতে ভীষণ কৃতজ্ঞ।’’
২০১১ থেকে এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন খাজা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৭ ম্যাচের ২০৭ ইনিংসে ৪২.০১ গড়ে করেছেন ৮০২৪ রান। ১৮ সেঞ্চুরির পাশাপাশি ৪১ ফিফটি করেছেন। যার মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৩.৩৯ গড়ে ১৬ সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে করেছেন ৬২০৬ রান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১৫৫৪ ও ২৪১ রান করেছেন তিনি। আজ শেষ হওয়া অ্যাশেজে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে খেলেছেন। চোটে পড়ায় ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলের টেস্টে খেলতে পারেননি।