ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ
আজারবাইজানের কাছেও হারল বাংলাদেশ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫ ২১:৪০:০০
ইউরোপিয়ান কোনও দেশের বিপক্ষে প্রথম ম্যাচ। বাংলাদেশের নারী ফুটবলে নতুন এক অভিজ্ঞতা। আজারবাইজানের বিপক্ষে এই অভিজ্ঞতাটা সুখকর হলো না আফঈদা খন্দকারদের। ঘরের মাঠে ত্রিদেশীয় ফুটব সিরিজে ইউরোপের দেশটির কাছেও হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা স্টেডিয়ামে আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। দুর্দান্ত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে হাড্ডহাড্ডি। তবে সফরকারী দলের দ্বিতীয় গোলটি আর শোধ দিতে পারেনি। ফলে ত্রিদেশীয় সিরিজে হারের তিক্ততাই শুধু পেল আফঈদারা। এর আগে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
প্রতিপক্ষ ইউরোপিয়ান দল, এর ওপর র্যাঙ্কিংয়েও পিছিয়ে বাংলাদেশ। আজারবাইজান ৭৪ নম্বরে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১০৪ নম্বরে। র্যাঙ্কিংয়ের এই ব্যবধান অবশ্য মাঠে দেখা যায়নি। আফঈদা-ঋতুপর্ণারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে।
যদিও ম্যাচের প্রথম গোলটা পায় আজারবাইজান। ১৯ মিনিটে সফরকারীদের এগিয়ে নেন জাফরজাদা শেভিঞ্জ। হেডে লক্ষ্যভেদ করেন তিনি। গোলকিপার রুপনা চামকা লাফিয়েও শেষরক্ষা করতে পারেননি।
গোলশোধে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ৩২ মিনিটে যেমন মনিকা চাকমা একটুর জন্য ব্যর্থ হন। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা শট নিয়েছিলেন। কিন্তু গোলকিপার দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এলে তার গায়ে লেগে প্রতিহত হয়।
তবে মিনিটখানেক পরই সফল বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে মারিয়া মান্দা আনন্দের ঢেউ তোলেন দেখার মতো এক গোলে। স্বপ্না রানীর কর্নার থেকে উড়ে আসা বল প্রতিপক্ষ গোলকিপার ফিস্ট করলে বক্সের ভেতরেই পেয়ে যান মারিয়া। এই মিডফিল্ডারের শট বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আক্রমণ-প্রতিআক্রমণের খেলায় ৮৩ মিনিটে সফল হয় আজারবাইজান। মানিয়া ইসরার গোলে হতাশায় ডোবে বাংলাদেশ। বাঁ প্রান্তে ইয়েলিজের ক্রসে ফাঁকায় থাকা ইসরা চলতি বলে ডান পায়ের জোরালো শটে করেন লক্ষ্যভেদ।
ওই গোলটাই গড়ে দেয় ব্যবধান। ফলে বাংলাদেশ আরেকটি হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে।