Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ০৩:৩৫:০০

রুদ্ধশ্বাস থ্রিলই হলো সুপার কাপ ফাইনালে। সৌদি আরবের মরুর বুকে ৩-২ গোলে এল ক্লাসিকো জিতে শেষ হাসিটা বার্সেলোনার। রিয়াল মাদ্রিদকে হারিয়ে রেকর্ড ১৬তম স্প্যানিশ সুপার কাপ জিতল তারা।

দুইবার পিছিয়ে পড়ে প্রতিবার সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। তৃতীয় দফায় আর পারেনি তারা। ৩-২ ব্যবধানে জিতে বাজিমাত বার্সার। গত আসরের ফাইনালে বার্সা জিতেছিল ৫-২ গোলে।

জেদ্দায় রবিবার রাতের ফাইনালে জোড়া গোল করেছেন রাফিনিয়া। বার্সার অপর গোলটি রবার্ট লেভানদোস্কির। রিয়ালের হয়ে একটি করে গোল ভিনিসিয়ুস ও গনসালো গার্সিয়ার। ইনজুরি টাইমের প্রথম মিনিটে বার্সার ফ্রাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখলেও সুযোগটা নিতে পারেনি রিয়াল।

বার্সেলোনা ৬৮ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে। রিয়ালের ১২ শটের ১০টি লক্ষ্যে ছিল। রিয়াল শুরুতে ছিল ডিফেন্সিভ। খেলার বেশি জায়গা দিচ্ছিল, বলও রাখতে পারছিল না। সুযোগটা কাজে লাগিয়ে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৩৬ মিনিটে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। ফের্মিন লোপেসের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে সামনে থাকা চুয়ামেনিকে সুযোগ না দিয়ে নিচু শটে বল জালে জড়ান তিনি।

বিরতির আগে ইনজুরি টাইমের ৯ মিনিটে হয় তিন গোল।  দ্বিতীয় মিনিটে ১৬ ম্যাচের গোলখরা কাটান ভিনিসিয়ুস। গার্সিয়ার পাস ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে জুলস কুন্দের দুই পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। সেখানে আরেক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে পেদ্রির পাসে আবারও বার্সাকে এগিয়ে দেন লেভানদোস্কি। ষষ্ঠ মিনিট কর্নার থেকে আসা লে হাউসেনের হেড রাফিনিয়ার মাথা ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। জটলার মধ্যে গার্সিয়ার শট জড়ায় জালে। ম্যাচে সমতা ফেরে ২-২’এ। একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো ক্লাসিকোয় ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দেখা গেল তিন গোল।

৭১তম মিনিটে ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।এক মিনিট পরই বক্সের ভেতর পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনিয়ার শট আসেনসিওর পায়ে লেগে জড়ায় জালে। এই গোলই এনে দেয় বার্সার ১৬তম সুপার কাপ শিরোপা।

 

 

 

 

আরও