Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না : বিসিবি পরিচালক নাজমুল

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না : বিসিবি পরিচালক নাজমুল
ক্রীড়া প্রতিবেদক
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১৮:১৬:০০

 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। 

ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’’

বোর্ডের আর্থিক ক্ষতি না হওয়া প্রসঙ্গে নাজমুল ইসলামের ব্যাখ্যা, ‘‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’’

তিনি আরও বলেন, ‘‘এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’’

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

এ সময় প্রসঙ্গ ওঠে পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিকের। জবাবে নাজমুল জানান, ‘‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’’

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে আজ নাজমুলকে সাংবাদিকেরা যেমন প্রশ্ন করেছেন, পাল্টা প্রশ্ন করেছেন তিনিও। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ‘‘এখন ধরুন যে বোর্ডটাই যদি না থাকে, ক্রিকেটাররা থাকবে কীভাবে এই প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনারা তো এক দিক থেকে চিন্তা করছেন। আমার এই হাত আছে, দুইটা হাত আছে। এই দুইটা হাত দিয়ে আমরা অনেক কাজ করি। এখন আমার শরীরের সঙ্গে হাত...হাত না থাকলে শরীর থাকবে না। শরীর না থাকলে হাত থাকবে না। তো আমার হাত না থাকলে হাত আর শরীরের কোনো কাজ আছে? ব্যাপারটা একই রকম। তারা (বোর্ড-ক্রিকেটার) অবিচ্ছেদ্য অংশ। একটা বাদ দিয়ে আরেকটা চিন্তা করতে পারবেন না। আরেকটা বাদ দিয়ে অন্যটা চিন্তা করতে পারবেন না।’’

আরও