Beta
Logo

শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ
ক্রীড়া ডেস্ক
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ২১:২৭:০০

 টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, তখনই ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আইসিসি।

বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আগামীকাল কথা বলবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের দাবি জানাচ্ছে, সেই সমস্যার সমাধান করতেই মূলত জয় শাহ ও বিসিসিআইয়ের কর্মকর্তারা বসবেন বলে জানিয়েছে এনডিটিভি।

ভাদোদারায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সেই ওয়ানডে ম্যাচের এক ফাঁকে জয় শাহ বাংলাদেশ ইস্যু নিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ অতিথি হিসেবেই জয় শাহ ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ দেখতে যাবেন।

এর আগে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে। তাদের বাদ দেওয়ার চিন্তা করলে আইনি ও রাজনৈতিক মারপ্যাঁচে পড়তে হবে আইসিসিকে। আইসিসি বোর্ডে ভোটাভুটি লাগবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা দেখা দেবে। ভবিষ্যতের জন্যও তৈরি হবে বিপজ্জনক উদাহরণ।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি বর্তমান পরিকল্পনার বিপক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছেন।

সব মিলিয়ে জয় শাহ এখন ক্রিকেট প্রশাসক হিসেবে এক কঠিন পরীক্ষায়। ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা হিসেবে নয়, তাঁকে বরং একজন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিতে হবে। উত্তেজনা কমিয়ে আস্থার পরিবেশ ফিরিয়ে আনাই হবে তার আসল কাজ।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদি ভারতে না খেলেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা, সেক্ষেত্রে শ্রীলঙ্কায় হবে বাংলাদেশের ম্যাচগুলো। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলতে আইসিসিকে এরই মধ্যে দুইবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির কি কোনো উত্তর পেয়েছেন, সিলেটে এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘‘না এখনো কোনো উত্তর পাইনি। যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট, তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কী জানায়, সেটা জানতে অপেক্ষা করছি।’’

 

 

 

আরও