মার্তিনেসের গোলে শীর্ষেই ইন্টার মিলান
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৭:৪৭:০০
ইতালিয়ান সুপার কাপে সেমি-ফাইনালে এসি মিলান ও ফাইনালে বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে বড়দিনের ছুটিতে গিয়েছিল নাপোলি। মাঠে ফিরে এবার লিগে দাপুটে জয় পেল নাপোলি।
রবিবার ক্রেমোনেসকে ২-০ গোলে হারায় আন্তোনিও কন্তের দল। প্রথমার্ধেই গোল দুটি করেন গাসমুস হয়লুন। ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তিনি। ৪৫তম মিনিটে একইভাবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে ব্যবধান বাড়ান ডেনিশ ফরোয়ার্ড।
এই জয়ে তারা পেছনে ফেলেছিল ইন্টার মিলানকে। তবে লাউতারো মার্তিনেসের গোলে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে ইন্টার। দ্বিতীয়ার্ধে আতালান্তার ডিফেন্ডার বেরাত জিমসিতি নিজেদের বক্সের কাছাকাছি বলের নিয়ন্ত্রণ হারালে সেই সুযোগ কাজে লাগান মার্তিনেস।
বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এটি চলতি মৌসুমে লিগে তার নবম গোল। এছাড়া ইন্টারের মার্কুস থুরাম ও আতালান্তার শার্ল দে কেতেলারের গোল বাতিল হয় অফসাইডের কারণে।
এই জয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। ১৬ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৩৬, এসি মিলানের ৩৫ আর নাপোলির ৩৪। সিরি ‘এ’তে জমে উঠেছে ত্রিমুখি শিরোপার লড়াই।