Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

দ্রুততম সেঞ্চুরি কেইনের, বার্সার জয়ের রাতে ইউনাইটেডের হার

দ্রুততম সেঞ্চুরি কেইনের, বার্সার জয়ের রাতে ইউনাইটেডের হার
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ০৬:৪০:০০

বুন্দেসলিগায় হাইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে বছর শেষ করল বায়ার্ন মিউনিখ। ১৫তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে ব্যবধান বাড়ান মাইকেল ওলিসে। ৮৬তম মিনিটে গোল করেন লুইস দিয়াস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অপর গোলটি হ্যারি কেইনের।

বুন্দেসলিগায় এটা তার ৮১তম গোল । এছাড়া সহায়তা করেছেন ১৯টি গোলে। গোল করা ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোলে অবদান রাখলেন ৭৮ ম্যাচ খেলেই। তাতে হয়েছে দ্রুততম ১০০ গোলে অবদানের রেকর্ড।  ১১৯ ম্যাচে আগের রেকর্ডটি ছিল আরিয়েন রবেনের।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্ট এগিয়ে থেকে নতুন বছর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম গোলটি করেছেন রাফিনিয়া, অন্য গোলটি লামিনে ইয়ামালের। রাফিনিয়া ১২ মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন পেনাল্টি থেকে গোল করে। পেনাল্টিটি তিনি নিজেই আদায় করে নিয়েছেন।

ইয়ামালকে অহেতুক ফাউল করে ৩৯ মিনিটে রেনাতো ভেইগা লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ভিয়ারিয়াল। এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণই চলে যায় বার্সার হাতে। ৬৩ মিনিটে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট হয়েছে বার্সার। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকো।

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ বছরের মধ‍্যে প্রথমবার ইংল‍্যান্ডের শীর্ষ লিগে টানা সাত জয় পেল ভিলা। সব প্রতিযোগিতা মিলিয়ে উনাই এমেরির দলের এটি টানা দশম জয়।

১৭ ম‍্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলা। এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। ২৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ইউনাইটেড।

 

আরও