হাঁটু্র চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে এমবাপ্পে
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ ১২:০৬:০০
২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচের ২৪টিতেই খেলেছেন এমবাপ্পে। যতটুকু সময় মাঠে ছিলেন, নিজের পুরোটা দিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৯ গোল করেছেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের করা ৫২ গোলের ৫৫.৭ শতাংশই এসেছে এমবাপ্পের কাছ থেকে।
লা লিগায় সর্বশেষ কয়েকটি ম্যাচ হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলেছেন এমবাপ্পে। বিপদটা ধীরে ধীরে টের পেয়েছেন এমবাপ্পে। জোরে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না। গতকাল বুধবার তার বাঁ হাঁটুতে এমআরআই করার পর চোটের বিষয়ে নিশ্চিত হয় রিয়াল।
এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি বলেছে, ‘`রিয়াল মাদ্রিদের মেডিকেল দল আজ (গতকাল) কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তাঁর বাঁ হাঁটু মচকে গেছে।’’
কত দিনের জন্য এমবাপ্পে মাঠের বাইরে থাকছেন, সেটা অবশ্য রিয়াল মাদ্রিদ জানায়নি। তবে এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। লেকিপও জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন এমবাপ্পে।
ইএসপিএন জানিয়েছে, রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন না। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে রিয়াল মাদ্রিদ-রিয়াল বেতিস লা লিগা ম্যাচ। বাঁ হাঁটুর চোটে পড়া এমবাপ্পের স্প্যানিশ সুপার কাপে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ৯ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।