অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ১৬:২৯:০০
এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তার দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
বনানীতে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মিঠুন। লিটন দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজরা ছিলেন এই সভায়। সম্মিলিত আলোচনা করেই ক্রিকেট না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঠুন।
ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।
বিসিবির গঠণতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধির কথা বলা থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই, যেটি অন্য সব দেশের ক্রিকেট বোর্ডে আছে। এ কারণে শৃঙ্খলার বাইরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না।

এর আগে সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘‘এই নিয়ে আমাদের ক্রিকেটারদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। কাল রাত থেকে বিভিন্ন সময়ে শুধু প্রসিডিউর, প্রসিডিউর, প্রসিডিউর শব্দটা শুনছি। একটা পর্যায়ে তারা ওএসডি করতে চেয়েছিল (নাজমুলকে)। সেটা আমরা মেনে নেইনি। তাঁর (নাজমুল) জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। তাদের (বিসিবি) প্রসিডিউর অনুযায়ী নাকি ৪৮ ঘণ্টা সময় লাগবে। আমি ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনার পরে আমাদের প্রশ্ন হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি তিনি এখান (বিসিবি) থেকে পদত্যাগ না করেন, তারপরও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে।’’
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গতকাল এমন বক্তব্য দেওয়ায় নাজমুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।
মিঠুনের চাওয়া আজকের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) এরপর যখনই হবে দর্শকেরা যেন ফ্রিতে খেলা দেখতে পারেন। বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি বলেন, ‘‘আজকের যে প্রথম ম্যাচটা বাতিল হলো, জানি না দ্বিতীয় ম্যাচটা হবে কি না। কিন্তু আমাদের বোর্ডের কাছে অনুরোধ থাকবে আজ যে দর্শকেরা টিকিট কেটে এসেছেন, এটা তো অবশ্যই ভবিষ্যতে পুষিয়ে দেওয়া হবে। সে সময় যেন তারা ফ্রিতে খেলা দেখতে পারেন, আজকের টিকিট দিয়ে যেন খেলাটা দেখতে পারেন, সেটা আমাদের একটা শর্ত ছিল।’’
মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। এই ম্যাচ কখন মাঠে গড়ায় সেটাই দেখার।