রহমতগঞ্জের রোমাঞ্চকর জয়, আবাহনীর হোঁচট
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:১৫:০০
বাংলাদেশ ফুটবল লিগে আবাহনী লিমিটেড রয়েছে হতাশার বৃত্তেই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ নবাগত পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
লিগের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। সেই ম্যাচ নাটকঅীয়ভাবে ৩-২ গোলে জিতেছে রহমতগঞ্জ।
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে পিডব্লিউডি। চারে থাকা আবাহনীর সংগ্রহ ৯ পয়েন্ট। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে রহমতগঞ্জ। ৭ পয়েন্ট নিয়ে আটে নেমেছে ব্রাদার্স।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দশম মিনিটে আবাহনীর বিপক্ষে পিডব্লিউডি এগিয়ে যায় মিনহাজুল স্বাধীনের গোলে। ৫৩ মিনিটে ধুঁকতে থাকা আবাহনীকে সমতায় ফেরান আল আমিন। ৭৪ মিনিটে পিডব্লিউর ডিফেন্ডার আল আমিনের ভুলে বল পেয়ে মোরসালিন বক্সের বাইরে থেকে আবাহনীকে এগিয়ে দেন ২-১ গোলে। আট মিনিট ইনজুরি সময়ের শেষ মুহূর্তে সাঈদ গোল করলে ১-১ সমতায় মাঠ ছাড়ে পিডব্লিউডি।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স এগিয়ে যায় ১৫ মিনিট। সানিশ শ্রেষ্ঠার পাস থেকে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস রুদওয়েরে। ৭৫ মিনিটে অঞ্জন বিস্তার কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দিদিয়ের ব্রোসু।
রহমতগঞ্জ অধিনায়ক সলোমন কিং। ৭ মিনিটের ব্যবধানে বদলে ফেলেন ম্যাচের ছবিটা। ৮২ মিনিটে পেনাল্টি আদায় করে স্পট কিক থেকে গোলও করেন তিনি। ৮৭ মিনিটে লং থ্রো থেকে আসা বল তিন হেডে আশ্রয় নেয় ব্রাদার্সের জালে। শেষ হেডটি ছিল সলোমনের।
এর দুই মিনিট বাদে ডানপ্রান্ত দিয়ে সলোমনের দেওয়া পাসে রহমতগঞ্জকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন ক্লেমেন্ত আদু। যোগ করা সময়ে সলোমনের পেনাল্টি ঠেকিয়ে দেন ব্রাদার্স গোলরক্ষক শান্ত কুমার রায়। নইলে তাদের জয়টা হতে পারত ৪-২ ব্যবধানে।