ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ
বাংলাদেশের গৌরবই কেবল টিকে আছেন এককে
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৩:০০
ইউনেক্স- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট আজ (বুধবার) ছিল দ্বিতীয় দিন। প্রথমদিন কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের শাটলারদের জন্য ছিল অম্ল-মধুর। পুরুষ এবং নারী এককে আকিব সুলাইমান, শুভ খন্দকাররা নিজেদের প্রথম ম্যাচ জেতার পর, দ্বিতীয় ম্যাচেই হেরে বসেন। আইমান ইবনে জামান, আল আমিন জুমারদের মতো জাতীয় শাটলাররাও প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি।
এমনকি নারী এককে নাসিমা খাতুন প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেও ছিল একই চিত্র। জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ জিততে পারেননি।
তবে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী গৌরব সিংহ কোয়ালিফিকেশন রাউন্ডে জিতে সেরা ৩২- এ জায়গা করে নিয়েছেন। আজ বুধবার অস্ট্রেলিয়ান প্রতিযোগী পুস্কাল ইরু সুমাল্লা লাল-সবুজের প্রতিনিধি গৌরবের সামনে দাঁড়াতেই পারেননি। ২১-১২ ও ২১-১২ পয়েন্টে ম্যাচ জেতেন জাতীয় ব্যাডমিন্টনে তিনবারের চ্যাম্পিয়ন সিলেটের ছেলে গৌরব।
ম্যাচ শেষে গৌরব সিংহ বলেন, ‘‘ম্যাচটি জিততে পেরে আমি অনেক খুশি। সামনে আরও ভালো খেলে আরও জিতব। ইন্টারন্যাশনাল লেভেলটা অনেক হাই। কে কখন ভালো খেলবে সেটা বলা যায় না। একজন জিতবে, একজন হারবে। বাকিরা কেন হেরে গেছে বলতে পারব না। তবে আমি আজ ভালো খেলেছি তাই জিতেছি।’’
নিজের উন্নতি নিয়ে গৌরব জানালেন, ‘‘সাফ গেমস সামনে রেখে এখানে তিন মাসের দীর্ঘ প্রশিক্ষণের ভেতরে ছিলাম। নিয়ম-শৃঙ্খলার ভেতরে ছিলাম। আমাদের বিদেশি কোচ ছিল এবং এসব সুবিধা থাকার কারণে আমি উন্নতি করতে পেরেছি। কীভাবে আরও ফুল স্পিডে খেলা যায় সেসব নিয়ে কাজ করেছি। স্পিডিংয়ে একটু লেকিংস ছিল। ১৬/১৭ পয়েন্টের পর আর ফাইট দিতে পারছিলাম না। সেসব নিয়ে পরে কাজ করেছি। উন্নত করার চেষ্টা করেছি।’’
এককেরে মতো ডাবসলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সহোদর সিফাত উল্লাহ গালিব এবং মোহাম্মদ সিবগাত উল্লাহ জুটি ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। সরাসরি সেটে হেরে গেছেন। ২১-১৫ ও ২১-১২ পয়েন্টের ব্যবধানে হেরেছেন চট্টগ্রামের জনপ্রিয় দুই শাটলার ভাই।