Beta
Logo

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

দেশে আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি

দেশে আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি
ক্রীড়া প্রতিবেদক
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১০:৩০:০০

 বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই ভ্রমণের অংশ হিসেবে আজ বুধবার ঢাকায় আনা হয়েছে ট্রফিটি।

 বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি।

‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আসা ট্রফিটির সঙ্গে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল র‍্যাডিসন ব্লু-তে।

তবে, এবার সাধারণ দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকছে না। গত ২০২২ সালের মতো আর্মি স্টেডিয়ামে কনসার্ট বা বড় কোনও প্রদর্শনী নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এল বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এই ঐতিহাসিক ট্রফি দেশের মাটিতে প্রদর্শিত হয়েছিল।

বিমানবন্দরেই ট্রফির সামনে দাঁড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা ভাগ করে নেন জামাল ভূঁইয়া। গণমাধ্যমের কাছে জামাল বলেন, ‘‘সত্যি বলতে অভিজ্ঞতাটা দারুণ ছিল। এটা আমার জীবনে প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখা। আমি ভাবছিলাম ট্রফিটা হয়তো একটু ছোট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম—এটা আসলে অনেক বড়। গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে ট্রফিটা দেখা আমার জন্য বিশেষ অনুভূতির।’’

 

 

আরও