১১১ বছর আগের রেকর্ড স্পর্শ ভিলার, শীর্ষেই আর্সেনাল
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৬:০০
অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়ার লিগে চেলসিকে উনাই এমরির দল হারাল ২-১ গোলে। প্রিমিয়ার লিগে টানা আটটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের টানা ১১তম জয়।
তাতে স্পর্শ করল ১১১ বছর আগের নিজেদের রেকর্ড। ১৮৯৭ সালে প্রথমবার টানা ১১ ম্যাচ জিতেছিল ভিলা। ১৯১৪ সালে সেই রেকর্ড দ্বিতীয়বার স্পর্শ করে দলটি। এবার তৃতীয়বার টানা ১১ ম্যাচ জিতল ভিলা।
শুরুতে পিছিয়ে পড়লেও বদলি নেমে জোড়া গোলে দলকে জিতিয়ে দিলেন ভিলাকে জেতান ওলি ওয়াটকিন্স। ১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিলা। ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর সবার ওপরে থাকা আর্সেনালের পয়েন্ট ৪২।

ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে সিটিকে টপকে শীর্ষে ফিরেছে আর্সেনাল। এমিরেটসে ১৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় গানাররা। ৫২ মিনিটে জর্জিনিও রুতারের আত্মঘাতী গোলে ২-০ হয় ব্যবধান। ৬৪ মিনিটে দিয়েগো গোমেজের গোলে ব্যবধান কমায় ব্রাইটন।
এদিকে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল প্রয়াত দিয়েগো জোতার সর্বশেষ দুই ক্লাব লিভারপুল ও উলভারহ্যাম্পটন। আবেগময় ম্যাচটিতে লিভারপুলের মাসকট হিসেবে মাঠে উপস্থিত হয়েছিল জোতার তিন সন্তানের দুজন দিনিস ও দুয়ার্তে। জোতার পরিবারের আরও কিছু ছেলে-মেয়েও ছিল মাসকট হিসেবে।
তলানিতে থাকা উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে অল রেডরা। লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে দলে আসা ফ্লোরিয়ান ভির্টৎস।
৪১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে এগিয়ে যায় লিভারপুল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। ৫১ মিনিটে সান্তিয়াগো বুয়েনো ব্যবধান কমালেও আর গোল পায়নি উলভস।